উত্তরের হাওয়া, ৪ জুলাই: কামতাপুরী ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের লক্ষ্য নিয়ে কোচবিহারের একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হলো ‘কামতাপুরী ভাষা সাহিত্য সভা’-র বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট গবেষক ড. বজলে রহমান এবং কবি সুজন বর্মন-কে বিশেষ সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, আগামী জনগণনায় রাজবংশী ও কামতাপুরী ভাষাভাষী মানুষ যাতে মাতৃভাষার ঘরে স্পষ্টভাবে ‘কামতাপুরী’ ভাষার নাম উল্লেখ করেন, সেই বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য ব্যাপক প্রচার চালানো হবে।
সংবর্ধনা গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে ড. বজলে রহমান ও কবি সুজন বর্মন আঞ্চলিক ভাষার সংরক্ষণ, গবেষণা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষার চর্চা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন রণজিৎ রায়। বক্তারা সকলেই কামতাপুরী ভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব অমূল্য দেবনাথ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কামতাপুরী ভাষা সাহিত্য সভা-র সম্পাদক সমরেশ রায়। এদিনের অনুষ্ঠানে ভাষাপ্রেমী, সাহিত্যিক, গবেষক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি সভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
No comments:
Post a Comment