উত্তরের হাওয়া, ২৬ ফেব্রুয়ারি: SIR চূড়ান্ত তালিকায় নাম বাদ, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করবে Election Commission of India
এসআইআর (SIR) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৫ ফেব্রুয়ারি স্ক্রুটিনি প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ইতিমধ্যেই তথ্য যাচাইয়ের কাজ ‘ফ্রিজ’ করা হয়েছে এবং তালিকা মুদ্রণের প্রস্তুতিও সম্পন্ন।
প্রথম খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। চূড়ান্ত তালিকায় থাকছে ৭ কোটি ৮ লক্ষ নাম। অর্থাৎ প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। এই বাদ পড়া নামগুলি নিয়ে রাজনৈতিক মহল ও ভোটারদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।
কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকা ক্যাটেগরি-ভিত্তিক প্রকাশ করা হবে।
যাঁদের নাম বহাল থাকবে, তাঁদের পাশে থাকবে ‘Approved’।
যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের পাশে থাকবে ‘Deleted’।
যাঁদের নথি যাচাই চলছে, তাঁদের ক্ষেত্রে উল্লেখ থাকবে ‘Adjudication’।
যাঁদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তাঁদের পাশে লেখা থাকবে ‘নিস্পত্তি হয়নি’।
প্রায় ৬০ লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ যাওয়ার পর অনেকে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। সেই নথি যাচাই করছেন বিচার বিভাগীয় আধিকারিকরা। কমিশনের দাবি, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এখন প্রশ্ন, যাঁদের নাম এখনও যাচাই পর্যায়ে রয়েছে, তাঁরা কি ভোট দিতে পারবেন? কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোট ঘোষণার পর দফাভিত্তিকভাবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হবে। মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত তালিকা হালনাগাদ হতে পারে এবং সেই তালিকাকেই চূড়ান্ত হিসেবে ধরা হবে।
এসআইআরের চূড়ান্ত তালিকা ডিএম অফিস, বিডিও অফিস ও পঞ্চায়েত ভবনসহ নির্দিষ্ট স্থানে দেখা যাবে। পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইটেও অনলাইনে তালিকা উপলব্ধ থাকবে। ২৮ ফেব্রুয়ারি কোন সময় থেকে তালিকা দেখা যাবে, সে বিষয়ে শীঘ্রই স্পষ্ট ঘোষণা করবে কমিশন।
No comments:
Post a Comment