উত্তরের হাওয়া, ২৭ মে: ভোট-পরবর্তী হুমকি কাণ্ডে অবশেষে বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে আটক করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওড়িশার পুরীর একটি হোটেল থেকে তাঁকে পাকড়াও করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই তিনি সেখানে আত্মগোপন করে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে হোটেলে হানা দেয় এবং সেখান থেকেই তাঁকে আটক করা হয়।
জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর তাঁকে আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর।
এই হাইপ্রোফাইল অভিযানে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই ঘটনাকে ইস্যু করে সরব হয়েছে, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও নজর রাখা হচ্ছে গোটা পরিস্থিতির উপর।
ভোট-পরবর্তী সময়েই এই ধরনের ঘটনা সামনে আসায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
No comments:
Post a Comment