উত্তরের হাওয়া, ১১ সেপ্টেম্বর: চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিএসএফ। দিনহাটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের জওয়ানরা বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযানে নামে। রাতে সীমান্তবর্তী এলাকায় টহলদারির সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১০৮ কেজি গাঁজা।
বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি বাংলাদেশে গাঁজা পাচারের উদ্দেশ্যে সীমান্তে ঘোরাফেরা করছিল। গোপন আস্তানা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পাচারের পরিকল্পনা ছিল তার। তবে সতর্ক টহলদারির ফলে বিএসএফের জালে ধরা পড়ে সে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে, সীমান্ত এলাকায় এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী কিছু এলাকায় মাদক চোরাচালান চলছিল। বিএসএফের অভিযানের ফলে বড় একটি চক্রের হদিশ মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment