উত্তরের হাওয়া, ২৯মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এই তালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে, এবার থেকে প্রতিদিনই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে।
সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট-এর অনুমতি সাপেক্ষেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। মূল উদ্দেশ্য, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে, তাঁদের যেন ট্রাইবুনালে আবেদন জানানোর জন্য যথেষ্ট সময় মেলে। এই পদক্ষেপে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলেই মনে করছে কমিশন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছিল। সেইসব নামের যাচাই-বাছাই করতে বিচারবিভাগীয় আধিকারিকরা কাজ করছেন। ইতিমধ্যেই ২৩ মার্চ প্রথম এবং তার পরের দিন দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। এবার তৃতীয় তালিকাও সামনে এল।
কমিশন জানিয়েছে, প্রতিদিন তালিকা প্রকাশের ফলে যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা দ্রুত ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ট্রাইবুনাল সেই আবেদন খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আসন্ন ভোটের আগেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট তালিকা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা যাবে।
কোথায় দেখবেন তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা?
কমিশনের তরফে জানানো হয়েছে, https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে গিয়ে যে কেউ তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা দেখতে পারেন।
No comments:
Post a Comment