উত্তরের হাওয়া, ১৩ জুন: ছুটির দিনের সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের রেজিস্ট্রি অফিসে। শনিবার সকালে আচমকাই আগুন লাগে সরকারি ওই দফতরে। আগুনে পুড়ে যায় একাধিক কম্পিউটার, স্ক্যানার এবং বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অফিসের ক্যাশ কাউন্টার এলাকা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
এই ঘটনায় সরকারি নথিপত্র পুড়ে যাওয়ায় প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ নথি ও তথ্য নষ্ট হওয়ায় ভবিষ্যতে প্রশাসনিক কাজে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের একটি সরকারি দফতরে আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারি ভবনগুলির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
ইতিমধ্যেই প্রশাসনের উচ্চপর্যায় থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment