ঘোকসাডাঙ্গায় পুলিশের বড়সড় সাফল্য, গরুর গোয়ালঘরে খড়ের নিচে লুকোনো থেকে মিলল ২৪ কেজি গাঁজা
উত্তরের হাওয়া, ৩ সেপ্টেম্বরঃ বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২রা সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ অভিযান চালায়। মাতিয়ারকুঠি গ্রামের পারাদুবি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত PWD মাঠ সংলগ্ন এলাকায় শ্যামল সরকারের বাড়িতে এই অভিযান চালায়।
অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে চারজন অভিযুক্ত। তারা হলেন— জলপাইগুড়ির মমতাপাড়া এলাকার বাসিন্দা খগেন রায়ের স্ত্রী তপশি রায় (৩১), নরেশ বর্মনের স্ত্রী মমনি বর্মন ওরফে মৌসুমি (৩৬), কোচবিহারের পেটভাথা এলাকার জগদীশ সরকারের ছেলে দেব সরকার (২২) এবং একই গ্রামের শ্যামল সরকারের ছেলে রিপন সরকার (২৫)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির গোয়ালঘরে খড়ের গাদার নিচে লুকিয়ে রাখা ছিল মোট ২৪ কেজি গাঁজা। চারটি আলাদা প্যাকেটে গাঁজাগুলি উদ্ধার করা হয়। তল্লাশি ও জব্দের পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন হয় এবং ঘটনাস্থলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিতে।
এই ঘটনায় NDPS আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হচ্ছে। পাশাপাশি গাঁজার উৎস এবং পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই গোপনে মাদক ব্যবসা চলছিল বলে অভিযোগ। এবার বড়সড় মাদক চক্র ফাঁস হতে পারে বলেই মনে করছে তদন্তকারী অফিসাররা।

No comments:
Post a Comment