৭৬তম পঃবঃ রাজ্য ওয়েটলিফটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন কোচবিহারের মুলতি দেবনাথ।
উত্তরের হাওয়া, ১৫ সেপ্টেম্বরঃ কোচবিহার জেলার ক্রীড়া মহলে খুশির হাওয়া। ৭৬তম পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যুব মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন কোচবিহার ব্যায়াম বিদ্যালয়ের সদস্যা মুলতি দেবনাথ।
পূর্ব বর্ধমানের কালীবাজার কবাডি খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে মুলতি দেবনাথ ওয়েটলিফটিংয়ের স্ন্যাচে ৫০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৬৫ কেজি অর্থাৎ মোট ১১৫ কেজি ওজন তুলতে সক্ষম হন। এর ফলে তিনি প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করেন।
এই জয়ে গর্বিত কোচবিহার ব্যায়াম বিদ্যালয় এবং জেলার ক্রীড়ামোদীরা। বিদ্যালয়ের কোচ ও জেলা ওয়েটলিফটিং সংস্থার সম্পাদক তথা বিদ্যালয়ের সচিব বিভু রঞ্জন সাহা জানান, “আমরা ভীষণ খুশি। মুলতির এই সাফল্য আমাদের জেলার গর্ব। আমরা চাই ভবিষ্যতে সে জাতীয় স্তরে আরও সাফল্য অর্জন করুক। ভগবানের কাছে সেই প্রার্থনাই করি।”
মুলতির এই অর্জনে ব্যায়াম বিদ্যালয় চত্বরজুড়ে আনন্দ ও উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহপাঠী ও ক্রীড়াপ্রেমীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা করছেন, কোচবিহারের এই কন্যা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের মুকুট ছিনিয়ে আনবে।

.jpeg)

No comments:
Post a Comment