দিনহাটার বউবাজারে বাইক-টোটো সংঘর্ষে আহত যুবক।
উত্তরের হাওয়া, ৫ সেপ্টেম্বর: দিনহাটা শহর সংলগ্ন বউবাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাইক এবং টোটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হলেন এক যুবক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম রাকেশ বর্মন। তিনি চৌধুরীহাটের চান্দের কুঠি এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতোই তিনি বাইক নিয়ে দিনহাটা শহরের দিকে আসছিলেন। সেই সময় বউবাজার এলাকায় একটি টোটো রিক্সার সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে রাকেশবাবু বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত রাকেশ বর্মনকে উদ্ধার করে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা জানিয়েছেন যে মাথা ও হাতে চোট লেগেছে।
ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে, ঘটনার জেরে বউবাজার এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গাড়ি সরিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনে।

No comments:
Post a Comment