দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বানারহাটে ২ কিশোরের মৃত্যু, আহত ১ জন।
উত্তরের
হাওয়া, ১০ সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাট বাজার সংলগ্ন রাজ্য সড়কে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও এক কিশোর। মৃতরা হলেন ১৬ বছর বয়সী মৈনাক দত্ত এবং ১৫ বছরের পার্থ রায় । দুর্ঘটনায় আহত অপর কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর জন্য চাঁদা তুলতে রাস্তায় নেমেছিল কিশোররা। অভিযোগ, নাথুয়া দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে চাঁদা দেওয়ার জন্য দাঁড় করানো হয়। কিন্তু ভ্যানচালক চাঁদা না দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চলে যায়। এরপর তিন কিশোর একটি বাইকে চেপে ভ্যানটিকে ধাওয়া করে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান তাদের ধাক্কা মারে। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তিনজন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৈনাক ও পার্থকে মৃত ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে চাঁদা তোলার রশিদ উদ্ধার করা হয়েছে। যদিও মৃতদের পরিবার চাঁদা তোলার অভিযোগ অস্বীকার করেছে।
বর্তমানে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। দুর্গাপূজোর আগে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
.jpeg)
No comments:
Post a Comment