উত্তরের হাওয়া, ১জানুয়ারি: দিনহাটা শহরের সংহতি ময়দানে অনুষ্ঠিত হলো পাইওনিয়ার ক্লাবের ৮৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ নতুন বছরের প্রথম দিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ ক্লাব ও শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তি। মন্ত্রী উদয়ন গুহ তাঁর বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখার পাশাপাশি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিন বিভিন্ন বয়সভিত্তিক একাধিক ইভেন্টে শতাধিক প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। প্রতিযোগীদের উৎসাহ দিতে মাঠে ভিড় করেন অভিভাবক ও ক্রীড়াপ্রেমী মানুষজন।
প্রতিবছরের মতো এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে পাইওনিয়ার ক্লাবের পক্ষ থেকে একটি স্মরণিকা বা ম্যাগাজিন প্রকাশ করা হয়। দীর্ঘদিন ধরে ক্রীড়া চর্চার ধারাবাহিকতা বজায় রেখে পাইওনিয়ার ক্লাবের এই আয়োজন দিনহাটা শহরের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করল।
No comments:
Post a Comment