সোশাল মিডিয়া ব্যবহারে কড়া নির্দেশিকা, নিয়ম না মানলে শাস্তির হুঁশিয়ারি লালবাজারের।
উত্তরের হাওয়া, ২০ ফেব্রুয়ারিঃ সোশাল মিডিয়া ব্যবহারে নতুন গাইডলাইন জারি করল লালবাজার। নির্দেশিকা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও স্পষ্ট জানানো হয়েছে। পুলিশ কর্মীদের অনলাইন আচরণে শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর।
নতুন নিয়ম অনুযায়ী, অফিসিয়াল সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই কলকাতা পুলিশ-এর পক্ষ থেকে বিবৃতি দিতে পারবেন। সংবেদনশীল, অপারেশন-সংক্রান্ত বা তদন্ত-সংক্রান্ত কোনও তথ্য ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না। এমন কোনও পোস্ট করা যাবে না যাতে তথ্যপ্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে বা তদন্তের গতিপ্রকৃতি প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে।
এছাড়া সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বা ধর্মীয় বিষয় নিয়ে ব্যক্তিগত মত প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও মন্তব্যে যাতে বাহিনীর নিরপেক্ষতা প্রশ্নের মুখে না পড়ে বা জনসাধারণের আস্থা নষ্ট না হয়, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। অন্য বিভাগ, ঊর্ধ্বতন আধিকারিক, সহকর্মী বা নিজের প্রতিষ্ঠান সম্পর্কে জনসমক্ষে বিরূপ মন্তব্য করাও নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি দায়িত্ব, পরিদর্শন বা সংবেদনশীল সফর সংক্রান্ত তথ্যও ব্যক্তিগত সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা যাবে না। নির্দেশিকা লঙ্ঘন করলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লালবাজার।


No comments:
Post a Comment