উত্তরের হাওয়া, ১৩ মার্চ: পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প-এ এবার আসছে একাধিক নতুন নিয়ম। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই নিয়মগুলি ঠিকভাবে না মানলে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই প্রকল্পে ইতিমধ্যেই ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে সাধারণ ও ওবিসি শ্রেণির মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। তবে এবার প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
নতুন নিয়ম কী কী?
১. আধার সংযোগ বাধ্যতামূলক
যে সব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত নেই, তাঁদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। তাই দ্রুত আধার লিংক করানো জরুরি।
২. সিঙ্গল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শুধুমাত্র উপভোক্তার নিজের নামে থাকা একক (Single) ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। জয়েন্ট অ্যাকাউন্টে আর এই প্রকল্পের টাকা জমা পড়বে না।
৩. বয়সসীমা মেনে চলতে হবে
এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। বয়স ৬০ বছর পেরিয়ে গেলে তাঁকে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে।
৪. নথিপত্রে ভুল থাকলে বাতিল হতে পারে সুবিধা
প্রশাসনের দাবি, অনেক ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। তাই নথিপত্রে অসংগতি থাকলে বা কেউ সরকারি চাকরি বা পেনশন পেলে সেই অ্যাকাউন্ট বাতিল করা হতে পারে।
উপভোক্তাদের জন্য পরামর্শ
যাঁদের ব্যাংক অ্যাকাউন্ট এখনও আধারের সঙ্গে সংযুক্ত নয় বা জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের দ্রুত ব্যাংকে গিয়ে সমস্যা সমাধান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্প থেকেও এই সংক্রান্ত সহায়তা পাওয়া যেতে পারে।
প্রশাসনের মতে, এই নতুন নিয়মের ফলে প্রকৃত উপভোক্তারাই যাতে প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করা সম্ভব হবে।
No comments:
Post a Comment