উত্তরের হাওয়া, ১৪ মার্চ: দিনহাটা মহকুমার বানিয়াদহ নদীর উপর অবস্থিত নিগমানন্দ সেতুর বেহাল অবস্থা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। সামান্য এক পশলা বৃষ্টিতেই সেতুর উপর জল জমে শোচনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আশ্চর্যের বিষয়, বসন্ত বা গ্রীষ্মকালে যখন বানিয়াদহ নদীতে প্রায় জলই থাকে না, সেখানে এক পশলা বৃষ্টিতে সেতুর উপর এভাবে জল জমে থাকা প্রশ্ন তুলছে রক্ষণাবেক্ষণ নিয়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় ভাঙন ও গর্ত তৈরি হয়েছে। ফলে বৃষ্টির জল বের হওয়ার পথ না পেয়ে সেতুর উপরেই জমে থাকছে। এতে প্রতিদিন সাইকেল, মোটরবাইক বা পায়ে হেঁটে যাতায়াত করা মানুষের জন্য বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
উল্লেখ্য, এই সেতুর উপর দিয়েই প্রতিদিন প্রায় ১০ হাজারের বেশি মানুষ যাতায়াত করেন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবার জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। অথচ দীর্ঘদিন ধরে সেতুর এমন বেহাল দশা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সেতুর সংস্কার ও জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন, যাতে বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই সমস্যার সমাধান করা যায়।
No comments:
Post a Comment