উত্তরের হাওয়া, ৪ মার্চ: হোলির আনন্দের মধ্যেই নেমে এল শোকের ছায়া। দিনহাটা-য় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের।
প্রথম ঘটনায়, আটিয়াবাড়ী এলাকার বাসিন্দা ভুট্টু সরকার। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। অভিযোগ, একটি দ্রুতগতির বাইক এসে তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্য ঘটনাটি ঘটেছে গীতালদহ এলাকায়। জানা গিয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি রাস্তার ধারে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে একটি স্কুল ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।
একই দিনে দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। উৎসবের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে।
No comments:
Post a Comment