Friday, March 6, 2026

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, রান্নার গ্যাসে নতুন নির্দেশ। ২১ দিনের আগে বুকিং নয়।

 মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, রান্নার গ্যাসে নতুন নির্দেশ। ২১ দিনের আগে বুকিং নয়।



উত্তরের হাওয়া, ৬ মার্চঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে রান্নার গ্যাসের যোগান নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রক নতুন নির্দেশিকা জারি করেছে বলে জানা গেছে। নির্দেশ অনুযায়ী, এখন থেকে ২১ দিনের আগে নতুন করে এলপিজি সিলিন্ডার বুকিং করা যাবে না।

খবর অনুযায়ী, হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনার কারণে বহু তেলবাহী জাহাজ আটকে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডিস্ট্রিবিউটরদের দাবি, অনেক জায়গায় গ্যাসের মজুত মাত্র দিনের মতো রয়েছে। পরিস্থিতি সামাল দিতেই ২১ দিনে একটি করে সিলিন্ডার দেওয়ার পুরনো নিয়ম কার্যকর করার কথা ভাবা হয়েছে।

এছাড়া জানানো হয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রেও বায়োমেট্রিক কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে নতুন করে বুকিং করা যাবে না। বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে বলে সূত্রের খবর।

ডিস্ট্রিবিউটরদের আশঙ্কা, দ্রুত নতুন স্টক না এলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেও সংকট দেখা দিতে পারে। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে পেট্রোল ডিজেলের সরবরাহে তেমন কোনও সমস্যা নেই।

তবে পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র সরকার। বিকল্প সরবরাহ ব্যবস্থা দ্রুত চালু না হলে সাধারণ মানুষের রান্নাঘরেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

 

No comments:

Post a Comment

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।

ডে শিফটের প্রথম দিনেই গরমে অসুস্থ পড়ুয়া। ফের মর্নিং শিফটের দাবিতে সরব ছাত্রছাত্রীরা।  উত্তরের হাওয়া, ১ জুলাই: প্রায় এক মাস ম...