উত্তরের হাওয়া, ২২মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নজিরবিহীন কড়াকড়ি চালু করল Election Commission of India। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও বুথে টানা আধঘণ্টার বেশি ওয়েবকাস্টিং বন্ধ থাকলে সেখানেই পুনর্নির্বাচন করা হবে।
ইতিমধ্যেই রাজ্যে মোতায়েন হয়েছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ধাপে ধাপে আরও প্রায় ২ হাজার কোম্পানি আসার কথা। ফলে মোট বাহিনীর সংখ্যা আড়াই লক্ষের কাছাকাছি পৌঁছতে পারে বলে সূত্রের খবর।
নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে এবার ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যজুড়ে প্রায় ৮০ হাজারের বেশি বুথে ২ লক্ষেরও বেশি সিসিটিভি ও ওয়েবক্যামের মাধ্যমে নজরদারি চলবে। প্রয়োজনে ব্যবহার করা হবে ড্রোনও।
কমিশনের নির্দেশ অনুযায়ী, FST ও QRT গাড়িতে ৩৬০ ডিগ্রি PTZ ক্যামেরা থাকবে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া হবে বডি ক্যামেরা। সবকিছুর লাইভ ফিড থাকবে কন্ট্রোল রুমে।
এছাড়াও তৈরি হচ্ছে ২৪ ঘণ্টার ‘ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’, যেখানে প্রশাসন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয় থাকবে।
সবচেয়ে কড়া বার্তা—ভোটারদের হুমকি দেওয়া বা ভোটে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া বা সাসপেন্ড করা হতে পারে। জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও স্পষ্ট করেছে কমিশন।
সব মিলিয়ে, এবারের ভোটে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছে কমিশন।
No comments:
Post a Comment